🏠︎ » শিক্ষা » আগামী ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

আগামী ১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১০ আগস্ট দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল সংগ্রহের পদ্ধতি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের প্রচলিত সময়সীমা অনুযায়ী ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষা বোর্ডগুলো নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করতে পারেনি।

পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নতুন সময়সূচি নির্ধারণ করলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাও আলোচনায় আসে। তবে সব প্রক্রিয়া শেষে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্ট ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের পরিকল্পনা রয়েছে এবং সে অনুযায়ী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। পরে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী।

আরও পড়ুন

সর্বশেষ