কক্সবাজারে ‘গ্ল্যাম ডিভা বাই নওশাবা’র স্বত্বাধিকারী, এনসিপি নেত্রী নওশাবা মোক্তার সিয়ামের (২৬) বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা রুজু হয়েছে।
মামলাটি বর্তমানে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চলমান রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, সি.আর মামলা নং–৭৮৮/২০২৬ (সদর) হিসেবে দায়ের করা মামলাটি আদালত আমলে নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
কক্সবাজার শহরের ‘নিটা কম্পিউটার এন্ড টেকনোলজি’ ও ‘নিটা স্মার্ট ফোন’-এর প্রোপ্রাইটর মো. আলমগীর হোসাইনের পক্ষে তার ম্যানেজার সুমন শর্মা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার আরজিতে বলা হয়েছে, আসামি তার ব্যবসা প্রতিষ্ঠান ‘এম, কে এন্টারপ্রাইজ’-এর ব্যবসায়িক দেনা পরিশোধের জন্য গত চলতি বছরের ২ মার্চ প্রাইম ব্যাংক লিমিটেড, কক্সবাজার শাখার একটি ১০ লাখ টাকার চেক প্রদান করেন।
পরবর্তীতে ৯ মার্চ ২০২৬ তারিখে চেকটি নগদায়নের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কক্সবাজার শাখায় জমা দেওয়া হলে ব্যাংক কর্তৃপক্ষ পর্যাপ্ত তহবিল না থাকায় (Insufficient Fund/Advice not Received) চেকটি ডিজঅনার করে ফেরত দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
চেক ডিজঅনারের পর আইন অনুযায়ী আসামির বরাবর রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয় এবং পরবর্তীতে একটি স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হওয়ায় বাদীপক্ষ ১৮৮১ সালের Negotiable Instruments Act-এর ১৩৮ ধারায় মামলাটি দায়ের করে।
এদিকে স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগীদের বরাতে অভিযোগ উঠেছে, অভিযুক্ত নওশাবা মোক্তার সিয়াম বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে কক্সবাজারের একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছেন। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
এছাড়া একটি সামাজিক সংগঠনের ব্যানারে অর্থ সংগ্রহ ও তা আত্মসাতের অভিযোগও উঠেছে বলে দাবি করছেন কিছু ভুক্তভোগী।
এসব ঘটনায় পৃথকভাবে আরও একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আইনগত প্রক্রিয়া চলমান থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য এ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে বিষয়টি বর্তমানে বিচারাধীন।
তানিম হোসেন ইমন, কক্সবাজার প্রতিনিধি