কক্সবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৭ মে) জেলা শহরের সচেতন নাগরিক, সামাজিক সংগঠক ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, কক্সবাজারে সরকারিভাবে কোনো কিডনি ডায়ালাইসিস সুবিধা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় নিম্ন ও মধ্যবিত্ত কিডনি রোগীদের। বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেক দরিদ্র রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।
এই মানবিক সংকট ও রোগীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আজ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সচেতন সমাজ। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বক্তারা বলেন, কক্সবাজারের লাখ লাখ মানুষের স্বাস্থ্য সুরক্ষার একমাত্র বড় আশ্রয়স্থল এই জেলা সদর হাসপাতাল। এখানে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত একটি আধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হলে সাধারণ মানুষ নামমাত্র মূল্যে বা বিনামূল্যে জীবন রক্ষাকারী এই চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাবে। কিডনি রোগীদের সহজ চিকিৎসা নিশ্চিত করতে তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।
তানিম হোসেন ইমন, কক্সবাজার প্রতিনিধি