ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের উদ্যোগে রবিবার (১৭ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী লেকচার থিয়েটারে ‘Academia-Industry-Regulatory Authority: Towards Excellence’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) মহাপরিচালক পদে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের কৃতী সাবেক শিক্ষার্থী মো. আলমগীর হোসেনকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাইকার প্রধান উপদেষ্টা সায়েরি মুতো (Saeri Muto) এবং মানব সম্পদ বিশেষজ্ঞ ড. ইতো মিকা (Ito Mika)।
দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রথম নির্বাহী মুহাম্মদ হালিমুজ্জামান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী সহ-সভাপতি মাহবুবুল হাসান পল্লব, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক শামীম আলম খান, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং ও সেলস বিভাগের অতিরিক্ত পরিচালক বিনয় দাস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিংয়ের হেড অব প্রাইমারি কেয়ার মোহাম্মদ ইমরান হাসান এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক সুবোধ চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম দেশের ওষুধ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে একাডেমিয়া ও শিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব এবং যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক টিকা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ওষুধের কাঁচামাল দেশেই উৎপাদনের ওপরও তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগের প্রভাষক মোকাদ্দাস ফ্লোরা অনন্ত এবং ওষুধ প্রযুক্তি বিভাগের প্রভাষক ফারিয়া নাসরিন।