🏠︎ » সারাদেশ » ঢাকা » ইডেন কলেজে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে : নাছির

ইডেন কলেজে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে : নাছির

মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শনিবার (৯ মে) রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

নাছির উদ্দীন বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ছাত্ররাজনীতি বন্ধের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি দাবি করেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে “গুপ্ত সংগঠন শিবির” তাদের কর্মীদের ব্যবহার করে ছাত্ররাজনীতি বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তার ভাষ্য অনুযায়ী, পরে এসব ঘটনায় জড়িত অনেকেই শিবিরের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

তিতুমীর কলেজের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কয়েকদিন আগে রাতে গেট ভেঙে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছিল।

ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাছির। তিনি অভিযোগ করেন, “ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে” ছাত্রদলের নেত্রী ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে এবং ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব “মব সন্ত্রাস” ও হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

একই সঙ্গে কলেজ প্রশাসনের প্রতি সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ