🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » ঈদগাঁও হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি অবশেষে গ্রেপ্তার

ঈদগাঁও হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি অবশেষে গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁওয়ে বহুল আলোচিত হাবিবুল হুদা চৌধুরী হত্যা মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ এক বছরের বেশি সময় পর এই গ্রেপ্তারকে মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) দুপুরে ঈদগাঁও থানার একটি বিশেষ অভিযানে পাহাঁশিয়াখালী বাজার এলাকা থেকে আনিসুর রহমান (৪৭) ওরফে বাবুলকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে এবং মামলার ৯ নম্বর আসামি হিসেবে চিহ্নিত।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ মার্চ বিকেলে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের পক্ষের লোকজনের সঙ্গে ভুক্তভোগী পরিবারের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন রাতেই পূর্ব বিরোধের জেরে হাবিবুল হুদা চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার তিন দিন পর, ১৭ মার্চ ২০২৫ তারিখে ঈদগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ১২০(খ) ধারাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার এসআই মো. আজিমুল হক পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে পাহাঁশিয়াখালী বাজারে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই তিনি আত্মগোপনে ছিলেন। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে এই অভিযান সফল করা হয়।

গ্রেপ্তারকৃত আনিসুর রহমানকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং সংশ্লিষ্টরা বলছেন, অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তানিম হসেন ইমন, কক্সবাজার প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ