কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় সাম্প্রতিক এক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক ছৈয়দ নুরের পাশে দাঁড়িয়েছেন রত্নাপালং ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক সোহেল চৌধুরী। অসহায় এ রিকশাচালককে নগদ অর্থ সহায়তা প্রদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কোটবাজার এলাকায় একটি বেপরোয়া গতির ডাম্পার গাড়ির কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় ডিভাইডার নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিক নিহত হন। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থামানোর চেষ্টা করেন রিকশাচালক ছৈয়দ নুর।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, মিনিট্রাকের ধাক্কায় তার রিকশাটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে করে তার জীবিকার একমাত্র অবলম্বন নষ্ট হয়ে যায়। প্রায় ২০ বছর ধরে রিকশা চালিয়ে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।
এমন কঠিন সময়ে ছৈয়দ নুরের পাশে দাঁড়ান আগামীর রত্নাপালংয়ের কর্ণধার সোহেল চৌধুরী। তিনি ঘটনাটি জানতে পেরে ক্ষতিগ্রস্ত রিকশাচালককে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে তার পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় লোকজন জানান, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। এখনো মানবতা বেঁচে আছে—সোহেল চৌধুরীর এই সহায়তা তারই প্রমাণ।”
এ ঘটনায় এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
তানিম হোসেন ইমন, কক্সবাজার প্রতিনিধি