চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি মাদ্রাসা থেকে সাকিবুল হাসান সামি (১২) নামে এক ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল ২৬ এপ্রিল (রবিবার) বিকেলে উপজেলার ‘বোয়ালখালী ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা’ থেকে সে নিখোঁজ হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সামি ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গতকাল আসরের নামাজের পর প্রতিদিনের মতো সে সহপাঠীদের সাথে মাঠে খেলতে যায়। তবে মাগরিবের সময় ঘনিয়ে এলেও সে আর মাদ্রাসায় ফিরে আসেনি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারকে খবর দেয় এবং সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করে।
নিখোঁজ সামি কক্সবাজার জেলার রামু উপজেলার মরিচ্যা এলাকার মোঃ মঞ্জুর আলমের ছেলে। ছেলের নিখোঁজের সংবাদ শুনে রামু থেকে ছুটে এসেছেন স্বজনরা।
সামির বাবা মোঃ মঞ্জুর আলম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার ছেলে খুবই শান্ত স্বভাবের। মাদ্রাসা থেকে সে কখনও পালিয়ে যায়নি। আমরা সব জায়গায় খুঁজেও তাকে পাচ্ছি না।
মাদ্রাসার মুহতামিম জানান, সামি নিয়মিত পড়াশোনা করত এবং তার আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল না। নিখোঁজের পর থেকে মাদ্রাসার আশেপাশের এলাকায় মাইকিং করা হয়েছে। বর্তমানে স্থানীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি নিচে বর্ণিত শারীরিক বৈশিষ্ট্যের কোনো ছেলের সন্ধান পান, তবে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:
নাম: সাকিবুল হাসান সামি
বয়স: ১২ বছর
উচ্চতা: প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি
গায়ের রং: শ্যামলা
পোশাক: নিখোঁজের সময় তার পরনে ছিল পাঞ্জাবি-পায়জামা এবং মাথায় সাদা টুপি।
কক্সবাজার প্রতিনিধি