ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।
দলীয় সূত্র জানায়, চূড়ান্ত মনোনয়নের আগে বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড টানা দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী নেত্রীরা অংশ নেন।
সাক্ষাৎকারে অংশগ্রহণকারী প্রার্থীরা তাদের রাজনৈতিক সংগ্রাম, আন্দোলনে ভূমিকা, ত্যাগ ও দলের প্রতি অবদান তুলে ধরেন। পাশাপাশি মনোনয়ন পাওয়া কিংবা না পাওয়ার পর দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
সাক্ষাৎকারের শেষ দিন শনিবার (১৮ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি প্রার্থীদের সাক্ষাৎকার নেন। এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ এবং অন্যান্য সিনিয়র নেতারা। ওই দিনই পাঁচ শতাধিক প্রার্থী সাক্ষাৎকারে অংশ নেন।
চূড়ান্ত তালিকায় রয়েছেন সেলিমা রহমান, শামীম আরা বেগম স্বপ্না, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা।
বিশ্লেষকদের মতে, বিপুল সংখ্যক প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করায় দলীয় কাঠামোতে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে বিএনপি। পাশাপাশি জাতীয় রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ইঙ্গিতও মিলছে এই মনোনয়নের মাধ্যমে।
কক্সবাজার প্রতিনিধি