🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » নারী শিক্ষায় গতি: ১০ দিনেই ডেপুটি স্পিকারের উদ্যোগ

নারী শিক্ষায় গতি: ১০ দিনেই ডেপুটি স্পিকারের উদ্যোগ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের পরিদর্শনের দশ দিনের মধ্যেই দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার মান উন্নয়নে কলেজ সংস্কার কাজের প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ৪ এপ্রিল তিনি পরিদর্শন করে কলেজটির সার্বিক খবর নেন। এসময় তিনি কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সমস্যা চিহ্নিত করেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে ব্যারিস্টার কায়সার কামাল এই কলেজের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের দীর্ঘ বছরের যাবতীয় দুর্ভোগ লাঘবে তিনি তড়িৎ পদক্ষেপ গ্রহণের কথা বলেন। এই কলেজকে যেন জেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, এজন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পদক্ষেপ গ্রহণের প্রতি আলোকপাত করেন তিনি।

ডেপুটি স্পিকারের উদ্যোগের প্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন খাত’ কর্মসূচির আওতায় দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ মেরামত ও সংস্কার কাজের জন্য দরপত্র আহ্বানের লক্ষ্যে দাপ্তরিক প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, কলেজটির সংস্কার কাজের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ হতে পারে।

দুর্গাপুরে নারী শিক্ষার মান উন্নয়নে দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজে আধুনিক হোস্টেল নির্মাণ, হোস্টেলে সুপেয় পানির জন্য সাবমার্সেবল টিউবওয়েল বসানো সহ কলেজকে আরো বেশি শিক্ষার্থীবান্ধব করতে অন্যান্য সংস্কার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ