নেত্রকোণায় প্রতিবেশীর ঘরের বিছানা থেকে গলাকাটা অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহতের নাম অংকিত বর্মন (৩)।
সোমবার (৩০ মার্চ) জেলার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়। নিহত অংকিত বর্মন ওই গ্রামের সাগর বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার মা বিশু রানি বর্মন ঢাকায় থেকেই নাতিকে দেখাশোনা করতেন। গত মঙ্গলবার দাদির সঙ্গে অংকিত গ্রামের বাড়ি বরান্তরে আসে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল অংকিত। এসময় পরিবারের সদস্যরা কাজের জন্য বাড়ির বাইরে যান এবং দাদি পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে নাতিকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পাশের বাড়ির একটি কক্ষে বিছানার ওপর গলাকাটা অবস্থায় অংকিতকে দেখতে পান তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অংকিতকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা সোহাগ বর্মন বলেন, আমরা বাড়ির আশপাশেই কাজ করছিলাম। মা পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে অংকিতকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে পাশের বাড়িতে আমার বাবার মামাতো ভাই সুকুমার বর্মনের ঘরে তাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।