বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » নেত্রকোণায় শুরু হলো ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা

নেত্রকোণায় শুরু হলো ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা

উৎসবমুখর পরিবেশে নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা। জেলা প্রেসক্লাব ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর যৌথ আয়োজনে  জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এই বর্ণিল আয়োজন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু।

এই মেলায় দেশীয় ক্ষুদ্র হস্তশিল্প, কুটির শিল্পপণ্য, পোশাকের আকর্ষণীয় শোরুম, বাহারি খাবারের স্টল এবং শিশু-কিশোরদের জন্য নানা বিনোদনমূলক আয়োজন রয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, সিনিয়র সাংবাদিক ভজন দাস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মেলার প্রথম দিনে নারী, শিশু ও বয়স্কদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে চারপাশ। সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

আয়োজকরা জানান, এই মেলা মাসব্যাপী চলবে এবং এতে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন

সর্বশেষ