ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র পরিদর্শনে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক ভ্যাট পরিদর্শক। শনিবার দুপুরে উপজেলার দুর্গারামপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া ভ্যাট, আবগারি ও শুল্ক বিভাগে কর্মরত।
স্থানীয় সূত্র জানায়, দুর্গারামপুর এলাকার ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধনের নথি যাচাই করতে যান সাইফুল ইসলাম। এ সময় তিনি দোকান মালিক হাবিবুর রহমানের কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।
অভিযোগ উঠেছে, সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় দোকান মালিক তাকে সন্দেহ করেন। একপর্যায়ে স্থানীয় কয়েকজনকে ডেকে এনে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার সময় মো. সবুজ মিয়া নামে এক ব্যক্তি ওই কর্মকর্তাকে উদ্ধার করতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তিনিও আহত হন।
পরে স্থানীয়রা আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, আহত কর্মকর্তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার একটি হাত ভেঙে গেছে বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার সার্কেল রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি বিভাগীয়ভাবে পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।