দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূর-কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা কৃষক দল।
গত সোমবার (৫ মে) উখিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুনীর আহমদ ও সদস্য সচিব সাদমান জামী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সৈয়দ নূরের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ দলের ঊর্ধ্বতন নেতাদের নজরে এসেছে এবং এসব ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়।
নোটিশে তাকে আগামী সাত দিনের মধ্যে প্রকাশিত সংবাদের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে চারিত্রিক স্খলন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সৈয়দ নূরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ভাইরাল ভিডিওতে তাকে একটি কক্ষে বসে ভিডিও কলে এক নারীর সঙ্গে কথা বলতে দেখা যায়। কথোপকথনের এক পর্যায়ে তিনি অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ ওঠে। প্রায় আড়াই মিনিটের ভিডিওটি দ্রুত বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।