সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » রাজধানী » সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নেত্রকোণার মানসুরা আলম

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নেত্রকোণার মানসুরা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানসুরা আলম।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মানসুরা জন্মসূত্রে নেত্রকোণার পূর্বধলা উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। ছাত্রদলের কর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরেই রাজপথে সক্রিয়।

মনোনয়ন পাবার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। আমি সংসদে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই। আইন প্রণয়ন ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো। আধুনিক বাংলাদেশ গঠনে তিনি কাজ করে যাচ্ছেন। আধুনিক কৃষি, যুব সমাজের উন্নয়নসহ প্রধানমন্ত্রীর পরিকল্পনাগুলো বাস্তবায়নে কাজ করতে চাই।’

ছাত্রদলের এই নেত্রী আওয়ামী সরকারের আমলে বিভিন্ন সময় মামলা-হামলার শিকার হয়েছেন। ২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় তিনি গুরুতর আহত হন। এই হামলায় হাত ভেঙে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা। এই ঘটনায় পরবর্তীতে তিনি ছাত্রলীগের ৩৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এছাড়াও ২০২৩ সালের এপ্রিল মাসেও মানসুরা ফের ছাত্রলীগের হামলার শিকার হন।

এদিকে মানসুরা আলমের মনোনয়ন প্রাপ্তির খবরে নেত্রকোণায় বিএনপির কর্মী সমর্থক সহ রাজনৈতিক সচেতন মানুষদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী ও সাধারণ নাগরিকরা বলেন, মানসুরা তার দীর্ঘদিনের রাজপথের সংগ্রামের স্বীকৃতি পেলেন। জনগণের কল্যাণে তিনি সততার সাথে কাজ করবেন এমনটিই প্রত্যাশা নাগরিক সমাজের।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন

সর্বশেষ