জেলার সদর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র তৈরির একটি মিনি কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও অপর এক সহযোগী পালিয়ে গেছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সদর থানার আরিফপুর হাজিরহাট এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি গোপন অস্ত্র তৈরির কারখানার অস্তিত্ব পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই মো. অলি হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে তার সহযোগী মো. শুভ ফকির (২৫) পুলিশ টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানে উদ্ধার করা হয় তিনটি উন্নত মানের বিদেশি .২২ বোর রিভলভার, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড তাজা গুলি। এছাড়াও হাতুড়ি, প্লাস, রড কাটার, স্প্রে পেইন্টসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
ডিবির ওসি জানান, উদ্ধার হওয়া রিভলভারগুলোর মান উন্নত এবং এগুলোর একটির ব্যারেলে ‘Made in Pakistan’ খোদাই করা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে গোপনে অস্ত্র তৈরি ও কেনাবেচার সঙ্গে জড়িত।
পুলিশ সুপার আনোয়ার জাহিদের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত অলি হোসেনের বিরুদ্ধে পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। অন্যদিকে, পলাতক শুভ ফকিরের বিরুদ্ধে রয়েছে চুরির মামলা। তার গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।