🏠︎ » বাংলাদেশ » কৃষি » ধান পচলে কৃষকের কষ্ট আমিও বুঝি : কৃষিমন্ত্রী !

ধান পচলে কৃষকের কষ্ট আমিও বুঝি : কৃষিমন্ত্রী !

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মেদির হাওরে প্রায় সাড়ে ৩০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এতে একমাত্র ফসল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত দুই হাজার কৃষক পরিবার।

শনিবার (৯ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত মেদির হাওর এলাকা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী বলেন, “আমি নিজেও একজন কৃষক। আমার ধান যদি এভাবে পচে যেত, আমিও বুঝতাম কত কষ্ট। এই ধান ঘরে তুলতে কৃষকদের অনেক পরিশ্রম করতে হয়।”

তিনি আরও বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ধান কেনার কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ভেজা ধান সরকার গ্রহণ করে না বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, “সরকার ১২ শতাংশের বেশি আর্দ্রতা থাকা ধান গ্রহণ করে না। ধান শুকানোর পর জেলা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে।”

তিনি জানান, কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের মূল লক্ষ্য।

আরও পড়ুন

সর্বশেষ