দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের পাশাপাশি জুতা ও মোজা বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী জুলাইয়ের মধ্যে প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় লেদারগুডস ও ফুটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলার নির্বাচিত দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে জুতা বিতরণ করা হবে।
তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, স্কুল ড্রেস এবং ফুটওয়্যার দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার আওতায় মানসম্মত স্কুল জুতা বিতরণ করা হবে।
ববি হাজ্জাজ বলেন, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে। তিনি চান, এই উদ্যোগ শুধু বিতরণ কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে শিশুদের জন্য মর্যাদাপূর্ণ ও সমন্বিত সহায়তা হিসেবে প্রতিষ্ঠিত হোক।
তিনি আরও বলেন, জুতার মান, ডিজাইন ও উৎপাদন প্রক্রিয়ায় সমন্বয় থাকা জরুরি। বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের গুণগত মানে বড় ধরনের পার্থক্য থাকলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি হতে পারে। তাই একটি গ্রহণযোগ্য মান নির্ধারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় টেকনিক্যাল ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড নির্ধারণে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এতে মন্ত্রণালয়ের প্রতিনিধি, কারিগরি বিশেষজ্ঞ, লেদার ইনস্টিটিউট, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
সভায় Bata Bangladesh, Apex Footwear Limited, PRAN-RFL Group এবং Bashundhara Group-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।