দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালিয়ে অন্য ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্বের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, এসব অপচেষ্টা গণতান্ত্রিকভাবেই মোকাবিলা করবে ছাত্রদল।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাকিবুল ইসলাম দাবি করেন, দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘মব’ সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি। এখন নতুন কৌশল হিসেবে ছাত্রী সংগঠনকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি লেখেন, ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ছাড়া অন্য সব ছাত্রসংগঠনের রাজনৈতিক অধিকার হরণের চেষ্টা চলছে। তবে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবস্থান নেবে।
ছাত্রদল সভাপতি আরও বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত ‘মব’ সৃষ্টি করার চেষ্টা ব্যর্থ হয়েছে। এরপরও একটি মহল বিভিন্ন কৌশলে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই সাধারণ শিক্ষার্থীরা এসব অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়াবে এবং ক্যাম্পাসে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনবে।