কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি। গ্রেপ্তারকৃত মোঃ শাহেদুল ইসলাম এনআই অ্যাক্টের একটি মামলায় সাজা হওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। তার বিরুদ্ধে অস্ত্র ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইনের হাত থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে পলাতক থেকেও শেষ রক্ষা হলো না চিহ্নিত আসামি শাহেদুল ইসলামের। গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত শাহেদুল ইসলাম ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী এলাকার ফরিদুল আলমের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রামের পাঁচলাইশ থানার একটি সিআর মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে দায়রা মামলা নং- ৮১৬১/১৭ এবং এনআই এ্যাক্ট-১৩৮ ধারায় সাজার পরোয়ানা জারি করেছিলেন। সাজা ঘোষণার পর থেকেই সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যায়।
শাহেদুলের অপরাধের খতিয়ান এখানেই শেষ নয়। তার বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড রয়েছে। সে ঈদগাঁও থানার একটি অস্ত্র মামলা (মামলা নং- ১০৯১/১৮) এবং ডিজিটাল নিরাপত্তা আইনের (এফআইআর-৭/৫২) একটি মামলারও এজাহারভুক্ত আসামি।
ঈদগাঁও থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে এটি পুলিশের নিয়মিত অভিযানের অংশ। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।