বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নতুন নেতৃত্বের আভাস মিলছে দুই কিংবদন্তি পরিবারের উত্তরসূরিদের মাধ্যমে। জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ সভাপতি পদে এবং চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন বলে নিশ্চিত করেছেন তারা দুজনই।
চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাক। অন্যদিকে অভিনেত্রী আনোয়ারা বেগমও অতীতে শিল্পী সমিতির কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এবার তাদেরই সন্তানরা শিল্পীদের নেতৃত্ব দিতে নির্বাচনী মাঠে নামছেন।
বাপ্পারাজ বলেন, বাবার কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর ইচ্ছা ছিল, তবে খবরটি আগেই প্রকাশ হয়ে গেছে। এরপর থেকেই শিল্পীদের কাছ থেকে ব্যাপক সাড়া ও শুভকামনা পাচ্ছেন বলে জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন বলে উল্লেখ করেন এই অভিনেতা।
‘প্রেমের সমাধি’খ্যাত এই নায়ক বলেন, শিল্পীদের চাওয়ার জায়গা থেকেই তিনি দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, অতীতে তার বাবা ও আনোয়ারা বেগম যেমন শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন, তেমনি নতুন প্রজন্ম হিসেবেও তারা শিল্পীদের জন্য কাজ করতে চান।
বাপ্পা ও মুক্তি জানিয়েছেন, তাদের প্যানেলে নবীন ও প্রবীণ—দুই প্রজন্মের শিল্পীরাই থাকবেন। শিল্পীদের অধিকার রক্ষা ও চলচ্চিত্রের উন্নয়নকে সামনে রেখেই তারা নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, তিন মাসের মধ্যেই নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই নতুন নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানা গেছে।