🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » রামপুরায় শিশুর ঝুলন্ত মরদেহ: মাদ্রাসা শিক্ষক শিহাবের বিরুদ্ধে আরও ৪ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

রামপুরায় শিশুর ঝুলন্ত মরদেহ: মাদ্রাসা শিক্ষক শিহাবের বিরুদ্ধে আরও ৪ শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

রাজধানীর রামপুরায় এক শিশুর রহস্যজনক মৃত্যু ও বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক মো. শিহাব হোসেন (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরও চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

পুলিশ জানায়, গত ১৯ মে রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়। তদন্তের একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে জানায়, শিক্ষক শিহাব হোসেনের বিরুদ্ধে আরও চার শিক্ষার্থীর সঙ্গে একই ধরনের নির্যাতনের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় নিহত শিশুর মা মোছা. টুকু আরা খাতুন রামপুরা থানায় মামলা দায়ের করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই শিহাব মাদ্রাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান। পরে রামপুরা থানার একটি দল পাবনার বেড়া উপজেলার খাকছড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন অনলাইন কমিউনিকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেঙ্গল চ্যানেল ২৪–এর ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম. সিরাজুল হক সাজিদ।

তিনি বলেন, একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবার বা সমাজের নয়, রাষ্ট্রেরও নৈতিক দায়িত্ব। শিশু বলাৎকারের মতো ঘৃণ্য অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। পাশাপাশি শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ