ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পানি সংকট ও খনন প্রকল্পের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানারে “ব্রহ্মপুত্রে পানি কই? পানি দে! খনন প্রকল্পের খবর কি? খবর দে!” স্লোগান তুলে নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন।
২০১৯ সালে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা সরকারি বরাদ্দে ব্রহ্মপুত্র খনন প্রকল্প শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ময়মনসিংহ, জামালপুর ও কিশোরগঞ্জ জেলার মোট ২২৭ কিলোমিটার নদীপথ খননের উদ্যোগ নেয়। প্রকল্পটির কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।
প্রথমে ময়মনসিংহ নগরের কাছারিঘাট এলাকায় খননকাজ শুরু হয়। এরপর থেকেই শুষ্ক মৌসুমে নদে বড় বড় চর জেগে উঠতে শুরু করে। অথচ খননের আগে কখনো ব্রহ্মপুত্রে এমন চর দেখা যায়নি এবং নদীতে এত কম পানিও ছিল না।
সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, “ব্রহ্মপুত্র শুধু একটি নদী নয়, এটি এ অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। নদীকে বাঁচাতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে খনন প্রকল্পের অগ্রগতি ও বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরারও দাবি জানাই।
মানববন্ধনে সাইবার কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাকিব আহমেদ তুহিন বলেন, “খননের নামে আসলে ব্রহ্মপুত্র নদকে মেরে ফেলা হচ্ছে। খনন করে তোলা বালু নদীর পাড়ে ফেলে রাখার কারণে সেসব এলাকা অবৈধ দখলদারদের কবলে চলে যাচ্ছে। যে কারণে ব্রহ্মপুত্র নদ এখন মৃতপ্রায় হয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় ভবিষ্যতে এ অঞ্চলের পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব আরও বাড়বে। একই সঙ্গে ব্রহ্মপুত্র নদের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ, আবু বক্কর সিদ্দিক রুমেল, ইঞ্জিনিয়ার এম এ জিন্না, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, শাহরিয়ার আহমেদ আশিক, নাজমুল হাসান রাজু খান, আবির হোসেন, নয়ন চক্রবর্তী, সাদ্দাম হোসেন, মোহাম্মদ সোহেল মিয়া, মোহাম্মদ দূর্জয়, আব্দুল্লাহ আল মামুন শুভ, সুশান্ত শীল, পাবেল আহমেদ, সজীব আকন্দ প্রমুখ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শরীফ মন্ডল , ময়মনসিংহ সদর প্রতিনিধি