মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও তিউনিসিয়া। দেশ দুটিতে আগামী ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) থেকে দেশ দুটিতে জিলহজ মাস শুরু হচ্ছে। সেই হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।
তুরস্ক দীর্ঘদিন ধরে খালি চোখে চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক পূর্বনির্ধারিত ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে আসছে। ফলে দেশটিতে ধর্মীয় উৎসবগুলোর তারিখ আগেভাগেই নির্ধারণ করা হয়।
অন্যদিকে তিউনিসিয়াও একই তারিখে ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে দেশ দুটিতে ঈদকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার পদ্ধতি ও ইসলামিক ক্যালেন্ডার অনুসরণে ভিন্নতার কারণে ঈদ উদযাপনের তারিখে কিছুটা পার্থক্য দেখা যায়। তবে তুরস্ক ও তিউনিসিয়ার ঘোষণার পর মুসলিম বিশ্বে ঈদুল আজহা নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।