সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তার মেয়ে ও একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকায়ও তার নাম ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে পরবর্তীতে ওই আসনে মনোনয়ন পরিবর্তন করা হয়।
১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। তার পারিবারিক বাসভবন ‘সিনহা হাউজ’ দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে একটি পরিচিত দর্শনীয় স্থান হিসেবে পরিচিত।
১৯৬৪ সালে ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরে ১৯৭৫ সালে বাবার মৃত্যুর পর পারিবারিক প্রতিষ্ঠান একমি গ্রুপে যোগ দেন। ১৯৮৩ সাল থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
রাজনীতিতে বিএনপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ এবং দানশীলতার জন্যও এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন মিজানুর রহমান সিনহা। তার মৃত্যুতে মুন্সীগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
এছাড়া বাংলাদেশ ইউনানি শিল্প মালিক সমিতির সভাপতি ডা. সাঈদ আহমেদ সিদ্দিকী, সহ-সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাদলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।