ভারতের তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি প্রকাশিত হয়েছে।
সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেড (টাসম্যাক)-এর আওতায় পরিচালিত এসব দোকান বন্ধের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
সরকারি তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর মোট ৪ হাজার ৭৬৫টি টাসম্যাক দোকানের ওপর পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, ৭১৭টি দোকান সংবেদনশীল জনসমাগম এলাকার খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের পাশে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।
জনস্বার্থ ও সামাজিক পরিবেশ বিবেচনায় এসব দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে প্রশাসনকে কড়া নির্দেশনাও দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে তামিলনাড়ুতে টাসম্যাকের মোট দোকানের প্রায় ১৫ শতাংশ বন্ধ হয়ে যাবে। যদিও খুচরা মদ বিক্রি থেকে রাজ্য সরকারের বড় অঙ্কের রাজস্ব আসে, তারপরও সামাজিক প্রভাব বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিকভাবেও পদক্ষেপটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালে দল গঠনের পর থেকেই তামিলগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) প্রধান বিজয় মদ বিক্রি নিয়ন্ত্রণ ও টাসম্যাক সংস্কারকে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু করেছিলেন।