🏠︎ » সর্বশেষ » ধর্ম » ইসলামিক জীবন » হজ পালনে সৌদিতে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি বাংলাদেশি যাত্রী

হজ পালনে সৌদিতে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি বাংলাদেশি যাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সোমবার (১১ মে) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩৪টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।

মঙ্গলবার (১২ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হেল্প ডেস্ক জানিয়েছে, এ তথ্য সংগ্রহ করা হয়েছে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সংশ্লিষ্ট সূত্র থেকে।

তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৫ হাজার ৭৩ জন, সৌদি এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ১৮ হাজার ৪০২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন চার হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ৪৮ হাজার ২৬৩ জন হজযাত্রী।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে রয়েছে ৩০টি প্রধান এজেন্সি ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ওই ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিস জানিয়েছে, এ বছর মোট হজযাত্রীর মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা দেবে।

আরও পড়ুন

সর্বশেষ