🏠︎ » বাংলাদেশ » অপরাধ » গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়। এরই মধ্যে রোববার গভীর রাতে একটি দল ট্রাক নিয়ে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগমারা-বাঘচালা এলাকায় গরু চুরি করতে আসে বলে অভিযোগ ওঠে।

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে মাইকিং ও চিৎকারের মাধ্যমে আশপাশের মানুষকে জড়ো করেন। পরে চারদিক থেকে ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজন ধরা পড়ে।

স্থানীয়দের দাবি, আটক তিনজনকে গণধোলাই দেওয়া হলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা গরু বহনের কাজে ব্যবহৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গরু চুরির সন্দেহে স্থানীয় জনতা তিনজনকে আটক করে মারধর করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ব্যবহৃত একটি ট্রাকেও আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ