🏠︎ » বাংলাদেশ » রাজধানী » পুলিশ সপ্তাহ শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সপ্তাহ শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। এবারের আয়োজনের অন্যতম আলোচিত দিক হলো, প্রথমবারের মতো এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তবে আয়োজনের শুরুতেই এসেছে বড় পরিবর্তন। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়ে থাকে যে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’, এবার তা স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা ও বিতর্কিত সদস্যদের নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক প্রদান কার্যক্রম আপাতত স্থগিত করেছে।

জানা গেছে, মনোনীতদের মধ্যে অন্তত ১১ জন অতীতেও আওয়ামী লীগ সরকারের আমলে পদক পেয়েছিলেন। এ নিয়ে পুলিশ বাহিনীর ভেতরেও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে পদক প্রদান অনুষ্ঠান হচ্ছে না, পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবারের পুলিশ সপ্তাহ সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে। আগে সাতদিনব্যাপী আয়োজন হলেও এবার তা চারদিনে নামিয়ে আনা হয়েছে। কমানো হয়েছে অনুষ্ঠান ও অতিথির সংখ্যাও।

তবে এ আয়োজনের মাধ্যমে পুলিশের বিভিন্ন দাবি ও প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন সদস্যরা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন।

এবারের বার্ষিক পুলিশ প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

পুলিশ সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে— প্রধানমন্ত্রীর পুনাক স্টল পরিদর্শন, কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, আইজিপি ব্যাজ ও শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধারে পুরস্কার বিতরণ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময় সভা।

আগামী ১৩ মে পুলিশ সপ্তাহ ২০২৬ শেষ হবে।

আরও পড়ুন

সর্বশেষ