ময়মনসিংহে একই দিনে পৃথক দুটি স্থান থেকে এক অজ্ঞাত নারী ও নিখোঁজ এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) জেলার ধোবাউড়া ও মুক্তাগাছা উপজেলায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানীপুর (চিরাখালী) সীমান্ত এলাকা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে ওই নারীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
অন্যদিকে, নিখোঁজের একদিন পর মুক্তাগাছা উপজেলার বাশাঁটি ইউনিয়নের জমিনপুর গ্রাম থেকে আন্দালিব সাদমান রাফি (৮) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে প্রতিবেশী খোকনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। রাফি জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে খোকন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
#ময়মনসিংহ #ধোবাউড়া #মুক্তাগাছা #মরদেহউদ্ধার #রাফি #বাংলাদেশ_সংবাদ