চেচেন বাহিনী ইরানে মার্কিন-ইসরাইলি হস্তক্ষেপকে ‘জিহাদ’ আখ্যায়িত
রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনী ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলি হস্তক্ষেপকে ধর্মীয় লড়াই বা ‘জিহাদ’ হিসেবে উল্লেখ করেছে। তারা এই পরিস্থিতিকে “ভালোর পক্ষে মন্দের বিরুদ্ধে লড়াই” হিসেবে ব্যাখ্যা করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানকে রক্ষার উদ্দেশ্যে চেচেন বাহিনী সরাসরি সমর্থন প্রকাশ করেছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে মার্কিন-ইসরাইলি যুদ্ধের উত্তেজনা তীব্র হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে সাম্প্রতিক ব্যর্থ বিমান অভিযানগুলোর পর যুক্তরাষ্ট্র স্থল অভিযান করার পরিকল্পনা করছে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা চলাকালীন ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাবে স্কুলে হামলার ঘটনা ঘটে, যেখানে ১৭০-এর বেশি শিশুসহ সাধারণ নাগরিক নিহত হন।
এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ৮৬ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হামলাগুলো ইসরাইলের সামরিক স্থাপনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ও সম্পদের লক্ষ্যবস্তু হয়েছে।
ইউক্রেনীয় বাহিনীর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি প্রকাশ্য সমর্থন এই সংঘাতকে আরও আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি রাশিয়ার জন্য সতর্কবার্তা, যা ইঙ্গিত দেয় যে এই যুদ্ধের প্রভাব মস্কো ও কিয়েভের দীর্ঘস্থায়ী সংঘাতের সঙ্গে যুক্ত হতে পারে।