ইসলামাবাদে বৈঠকে দুর্ঘটনা: আহত ইসহাক দার
ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মিসরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেলাত্তিকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি, যার ফলে তার কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে।
শুক্রবার ইসহাক দারের ছেলে আলি দার বিষয়টি নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের মধ্যেই হঠাৎ পা পিছলে মেঝেতে পড়ে যান তিনি। ঘটনাটি মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়।
দুর্ঘটনার পরও দায়িত্ব পালনে বিরতি নেননি ইসহাক দার। ব্যথা থাকা সত্ত্বেও তিনি পুরো দিনজুড়ে বৈঠকে অংশগ্রহণ করেন। রাতের দিকে পরিবারের অনুরোধে চিকিৎসকের শরণাপন্ন হলে এক্স-রে রিপোর্টে তার কাঁধে সূক্ষ্ম ফাটলের বিষয়টি ধরা পড়ে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার সামগ্রিক শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
উল্লেখ্য, ওই বৈঠকে সৌদি আরব, মিসর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের উপায় খুঁজতেই এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শেষে ইসহাক দার জানান, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ সহজ করতে আগ্রহী। তিনি বলেন, চলমান সংঘাতের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে দুই পক্ষের মধ্যে অর্থবহ আলোচনা অত্যন্ত জরুরি।
এ সময় তিনি আরও উল্লেখ করেন, সংঘাতের কারণে পুরো অঞ্চলের সাধারণ মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মিসর, তুরস্ক ও সৌদি আরবও এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, এমন সংবেদনশীল সময়ে পাকিস্তানের এই কূটনৈতিক উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।