ঢাকা, মঙ্গলবার (৩১ মার্চ): দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন করে ১৪ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব জেলায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর এবং ফেনী।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ঢাকায় ইয়াছিন ফেরদৌস মোরাদ, নীলফামারীতে মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় জহুরুল ইসলাম, নড়াইলে মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে সিরাজুল হক এবং গাজীপুরে চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী দায়িত্ব পেয়েছেন।
এছাড়া মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, ফরিদপুরে আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জে আহমেদ আলী, চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিম এবং ফেনীতে অধ্যাপক এম এ খালেককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগসহ সংশ্লিষ্ট সব দায়িত্বও পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এর আগে, চলতি মাসের ১৫ মার্চ দেশের আরও ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। ধারাবাহিকভাবে এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।