🏠︎ » প্রবাস » লাইফ জ্যাকেট ছাড়া সাঁতরে পরিবার বাঁচাল ১৩ বছরের কিশোর

লাইফ জ্যাকেট ছাড়া সাঁতরে পরিবার বাঁচাল ১৩ বছরের কিশোর

পশ্চিম অস্ট্রেলিয়ায় মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরের সাহসিকতার কাহিনী সবাইকে অবাক করেছে। জিওগ্রাফ বে এলাকার সমুদ্রে প্যাডলবোর্ড এবং কায়াকিং করার সময় হঠাৎ শক্তিশালী বাতাসের মুখে তার পরিবার বিপদে পড়ে। পরিবারে ছিলেন তার ৪৭ বছর বয়সী মা ১২ বছরের ভাই এবং ৮ বছরের বোন।

পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় কিশোরটি তীরে পৌঁছে সাহায্য আনার সিদ্ধান্ত নেয়। শুরুতে তিনি লাইফ জ্যাকেট পরে দুই ঘণ্টা কায়াক চালানোর চেষ্টা করেন, কিন্তু মাঝপথে পানি ঢুকে যাওয়ায় কায়াক ব্যবহার কঠিন হয়ে যায়। এরপর সাহসী কিশোরটি লাইফ জ্যাকেট ছেড়ে সমুদ্রের উত্তাল জলে চার ঘণ্টা সাঁতার কেটে তীরে পৌঁছান।

ন্যাচারালিস্ট ভলান্টিয়ার মেরিন রেসকিউ গ্রুপের কমান্ডার পল ব্রেসল্যান্ড জানান, কিশোরের এই সাহসিকতা সত্যিই অসাধারণ। প্রথম দুই ঘণ্টা তিনি লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটলেও, পরে বুঝতে পারেন যে এটি তার গতিকে ধীর করছে। তাই লাইফ জ্যাকেট ছেড়ে বাকি পথ সাঁতার কেটে তিনি তীরে পৌঁছান।

স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে কিশোরটি উদ্ধারকারী সংস্থাকে সংকেত দিতে সক্ষম হন। দ্রুত শুরু হওয়া উদ্ধার অভিযানে রাত সাড়ে আটটার দিকে হেলিকপ্টার তাদের ১৪ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় শনাক্ত করে। পরবর্তীতে স্বেচ্ছাসেবী উদ্ধারকারী নৌযান তাদের নিরাপদে তীরে ফিরিয়ে আনে।

পুলিশ জানিয়েছে, কিশোরের দৃঢ়তা ও সাহসিকতার কারণে তার মা এবং দুই ভাই বোনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এমন সমুদ্রের বিপজ্জনক পরিস্থিতিতে কিশোরের সাহসিকতার নজির বিরল।

আরও পড়ুন

সর্বশেষ