🏠︎ » সারাদেশ » আবারও রেকর্ড দেশে স্বর্ণের দামে বড় উল্লম্ফন

আবারও রেকর্ড দেশে স্বর্ণের দামে বড় উল্লম্ফন

টানা তিন দফা দরপতনের পর আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম আবারও আড়াই লাখ টাকার ঘর ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। এই দাম আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে।বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী

২২ ক্যারেট ভরি প্রতি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

২১ ক্যারেট ভরি প্রতি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা

১৮ ক্যারেট ভরি প্রতি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা

সনাতন পদ্ধতি ভরি প্রতি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা

তবে স্বর্ণের নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে বলেও জানিয়েছে সংগঠনটি।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ভরিতে একই অঙ্কে দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম নেমে আসে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায়, যা কার্যকর ছিল ওই দিন বিকেল থেকে।চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৫ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে দাম বাড়ানো হয় ৬৪ বার।স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির রুপার দাম যথাক্রমে ৬ হাজার ৬৫ টাকা, ৫ হাজার ২০২ টাকা এবং ৩ হাজার ৯০৭ টাকা।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও স্থানীয় চাহিদার প্রভাবেই আগামী দিনগুলোতে স্বর্ণের দামে আরও পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ