আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দুই শহর খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২ ফেব্রুয়ারি দিনব্যাপী সফরের মাধ্যমে তিনি এসব এলাকায় জনসভায় বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হয়ে খুলনায় পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান। বেলা ১২টায় খুলনা নগরীর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি অংশ নেবেন। এই জনসভাকে কেন্দ্র করে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
খুলনার জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিএনপির মোট ১৪ জন প্রার্থীকে ভোটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
এরপর বেলা ১টায় খুলনা থেকে হেলিকপ্টারযোগে যশোরের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে যশোর নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।জেলা বিএনপির নেতারা জানান, যশোরে এটিই তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা। এই জনসভা স্মরণকালের বৃহত্তম রাজনৈতিক সমাবেশে রূপ নিতে পারে বলে তারা আশাবাদী।
জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান পুনরায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে একাধিক জনসভায় অংশ নিয়েছেন। ধারাবাহিক এই প্রচারাভিযানের অংশ হিসেবে আগামীতে বরিশাল বিভাগেও তার জনসভা করার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।