বিজিবির বিশেষ অভিযানে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় দেশীয় ও ভারতীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীনস্থ বিজয়পুর বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট)-এর একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৫১/৪ এস থেকে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা নামক এলাকায় তল্লাশি কার্যক্রম চালানো হয়।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি ভারতীয় তৈরি ছুরি, দুটি চাপাতি, একটি বল্লম, দুটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি ক্রিজ এবং এক বোতল মদ।
বিজিবি জানায়, উদ্ধারকৃত দেশীয় ও ভারতীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দুর্গাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মামুন রণবীর
নেত্রকোণা জেলা প্রতিনিধি