পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪ লাখের বেশি প্রবাসী
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোট প্রদান করেছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
এ পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন। ভোট প্রদান শেষে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সের মাধ্যমে ব্যালট জমা দিয়েছেন। পাশাপাশি ২১ হাজার ৫০৮টি ব্যালট দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সরকারি চাকরিজীবী, কয়েদি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রবাসীসহ মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত। নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালট ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে।