🏠︎ » সারাদেশ » আওয়ামী লীগ নেতা ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

আওয়ামী লীগ নেতা ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে গ্রেপ্তারের চেষ্টাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করলেও কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার ২৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া আহত সদস্যরা হলেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক এসআই সেলিম রেজা, এসআই মীর কায়েস, এসআই মমিনুল ইসলাম এবং কনস্টেবল হোসেন।

আহতদের মধ্যে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় হামলাকারীরা পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ ওরফে গোলাপকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ সদস্যদের ঘরের ভেতরে অবরুদ্ধ করে মারধর করেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সি-সার্কেল এবিএম রশীদুল বারীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় চার সদস্য আহত হয়েছেন এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। চেয়ারম্যান গোলাপসহ জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।উল্লেখ্য, জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ ২০১৪ সালে জামায়াত কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘ ১১ বছর পর, ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা নুরুন্নবী প্রধানের ছেলে তাহারাত তানভীর প্রধান বাদী হয়ে মামলাটি পুনরায় দায়ের করেন।

আরও পড়ুন

সর্বশেষ