🏠︎ » সারাদেশ » নির্বাচনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে: সারজিস

নির্বাচনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে: সারজিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চতুর্থ দিনের মতো মাঠে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১০ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম। পঞ্চগড়-১ আসনে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি জোটের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন সারজিস আলম। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে দোয়া চান এবং শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারকালে সারজিস আলম বলেন, এই নির্বাচনে তথাকথিত হেভিওয়েট রাজনীতির ধারণা আর টিকবে না। দীর্ঘদিন ধরে যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, এবার তাদের ভরাডুবি প্রত্যক্ষ করবে দেশবাসী।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারই প্রতিফলন দেখা যাবে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্ট থেকে একটি গণজাগরণ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষ এখন জুলুম, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রায় দিতে মুখিয়ে আছে। ভোটাররা এবার ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেবে বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস আলম অভিযোগ করে বলেন, “চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য ও হুমকি-ধামকির রাজনীতি যারা করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে।” তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা নির্যাতন চালিয়েছে, তারা এখন নিজেদের ভালো মানুষ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের আসল চেহারা চিনে ফেলেছে।

প্রচারণার শেষ দিকে সারজিস আলম বলেন, শুধু পঞ্চগড়-১ নয়, সারা বাংলাদেশেই ইনসাফ, ন্যায় এবং সাধারণ মানুষের পক্ষে থাকা ১০ দলীয় ঐক্যবদ্ধ জোট বিজয়ী হবে। ইনশাআল্লাহ এই ঐক্যবদ্ধ বাংলাদেশই আগামী দিনে সরকার গঠন করবে

আরও পড়ুন

সর্বশেষ