বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে, শুরু হলো হিজরি ১৪৪৭ সন
বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে দেশে হিজরি ১৪৪৭ সনের রজব মাসের সূচনা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার সন্ধ্যায় বাদ মাগরিব রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ধর্ম উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে রজব মাস শুরুর ঘোষণা দেন।
ইসলামে রজব মাস বিশেষ মর্যাদাসম্পন্ন চারটি মাসের একটি। অন্য তিনটি মাস হলো জিলকদ, জিলহজ ও মহররম। এসব মাসকে ‘আশহুরে হুরুম’ বলা হয়, যেখানে যুদ্ধবিগ্রহ ও সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। ইতিহাস অনুযায়ী, প্রাক-ইসলামিক আরব সমাজেও এই মাসগুলোতে সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ জীবনযাপন করা হতো।
রজব মাস মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো শবে মেরাজ। রজব মাসের ২৬ তারিখের রাতে সংঘটিত এই মহিমান্বিত ঘটনার মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার বিশেষ সান্নিধ্যে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে ফিরে আসেন।
এই মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি এবং নৈতিক জীবনযাপনের প্রস্তুতির সময় হিসেবেও বিবেচিত। রজব মাসের আগমনে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশেষ ধর্মীয় আবহ তৈরি হয় এবং তারা রমজানের প্রস্তুতি শুরু করেন।
পবিত্র রজব মাস উপলক্ষে দেশবাসীকে বেশি বেশি ইবাদত-বন্দেগি, নেক আমল এবং শান্তিপূর্ণ জীবনযাপনের আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতারা।