🏠︎ » প্রবাস » সিঙ্গাপুরে অভিযানে গ্রেপ্তার ১১ বাংলাদেশি শ্রমিক

সিঙ্গাপুরে অভিযানে গ্রেপ্তার ১১ বাংলাদেশি শ্রমিক

সিঙ্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি)। উডল্যান্ডস এলাকার একটি ডরমিটরিতে বৃহস্পতিবার রাতভর চলা এ অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়, যার মধ্যে ১১ জনই বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক।

স্থানীয় গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, গ্রেপ্তারদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। সিএনবির বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে অন্তত একজনের বিরুদ্ধে মাদক পাচার ও সেবনের অভিযোগ রয়েছে। ওই ৩৪ বছর বয়সী বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের পর ব্যাপক তল্লাশি চালানো হয়।

চার ঘণ্টাব্যাপী এই অভিযানে সিএনবির পাশাপাশি অংশ নেয় হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় এবং স্থানীয় পুলিশ। অভিযান শুরুর আগে সিএনবির সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফ করা হয় এবং পরে চিহ্নবিহীন গাড়িতে করে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

উডল্যান্ডসের ডরমিটরিতে প্রবেশের পর কর্মকর্তারা একাধিক কক্ষ তল্লাশি করেন। একটি কক্ষে চারজন শ্রমিককে হাত পেছনে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাদের লাগেজ ও ব্যক্তিগত সামগ্রী তল্লাশি করা হলেও তারা নীরব ছিলেন। অন্য একটি কক্ষ থেকে আরেক শ্রমিককে হ্যান্ডকাফ পরা অবস্থায় আনা হয় এবং তার আলমারিতেও তল্লাশি চালানো হয়।

আরও একটি কক্ষে অভিযান চালিয়ে কাঁচের বোতল, রাবারের টিউব, কাটা স্ট্রসহ মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব সামগ্রী প্রমাণ হিসেবে জব্দ করে সিল করা হয়।

সিএনবির ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি বলেন, “মাদক সেবন বা পাচারের বিরুদ্ধে সিঙ্গাপুরের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। আমাদের দেশে মাদকের কোনো স্থান নেই।”

সিএনবির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সিঙ্গাপুরে মোট ৩,১১৯ জনকে মাদক-সম্পর্কিত অপরাধে গ্রেপ্তার করা হয়, যা আগের বছরের তুলনায় সামান্য কম।

গ্রেপ্তার শ্রমিকদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ