🏠︎ » প্রবাস » ক্যালগেরিতে জেরিন তাজের একক প্রদর্শনী ২৫ অক্টোবর

ক্যালগেরিতে জেরিন তাজের একক প্রদর্শনী ২৫ অক্টোবর

কানাডার ক্যালগেরিতে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডা প্রবাসী বাংলাদেশি চিত্রশিল্পী জেরিন তাজের একক চিত্র প্রদর্শনী। এ উপলক্ষে ক্যালগেরির সেলেসটিয়া প্রোডাকশন হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর সার্বিক প্রস্তুতি ও আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সেলেসটিয়া প্রোডাকশন হাউজের কর্ণধার ডা. গুলশান আক্তার ও প্রকৌশলী জাহিদ আলম, নৃত্যশিল্পী মৌ, রম্য লেখক বায়াজিদ গালিব এবং শিল্পী জেরিন তাজ নিজে।

সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন লেখক বায়াজিদ গালিব। তিনি বলেন, জেরিন তাজ ক্যালগেরির কমিউনিটিতে শিশু ও কিশোরদের চিত্রশিক্ষা দিয়ে যে সুনাম অর্জন করেছেন, এই প্রদর্শনীতে তার সৃজনশীলতা আরও স্পষ্ট হয়ে উঠবে। তিনি আশা প্রকাশ করেন, শিল্পীর একক প্রদর্শনী শিল্পানুরাগীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

শিল্পী জেরিন তাজ জানান, বিশ্ব আর্টিস্ট দিবসে আয়োজিত এই প্রদর্শনীতে থাকবে ৩০টিরও বেশি চিত্রকর্ম। বাংলাদেশের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি কানাডার মনোমুগ্ধকর প্রকৃতিকে স্থান দিয়েছেন তাঁর নতুন সিরিজে। তিনি বিশ্বাস করেন, দুই দেশের সংস্কৃতি ও প্রকৃতির সমন্বয় দর্শকদের কাছে নতুন আলোচনার জন্ম দেবে।

সেলেসটিয়া প্রোডাকশন হাউজের কর্ণধার ডা. গুলশান আক্তার বলেন, জেরিন তাজের একক প্রদর্শনী আয়োজন করতে পেরে তারা গর্বিত। এটি ক্যালগেরির জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংযোজন।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান জানান, স্থানীয় কমিউনিটিতে চিত্রশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেরিন তাজের অবদান অনস্বীকার্য। তাঁর উদ্যোগ দুই দেশের সংস্কৃতিকে আরও কাছে নিয়ে এসেছে।

সেলেসটিয়া হাউজের পরিচালক ইঞ্জিনিয়ার জাহিদুল আলম প্রদর্শনীকে শিল্পীর ক্যারিয়ারের একটি ‘মাইলফলক’ বলে উল্লেখ করেন। অন্যদিকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ ইসলাম ক্যালগেরির নাগরিকদের এই প্রদর্শনীতে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, এটি শহরের শিল্পমঞ্চকে আরও সমৃদ্ধ করবে।

আরও পড়ুন

সর্বশেষ