নরসিংদীর শিবপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন শিবপুর উপজেলার জয়মঙ্গল গ্রামের মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান (২২) এবং গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে মো. শফিক (২১)। তাঁরা দুজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদীতে ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলে করে শিবপুরে ফিরছিলেন মাহমুদুল ও শফিক। পচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হয়। ধাক্কায় মোটরসাইকেল ও অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থলেই মাহমুদুলের মৃত্যু হয়। গুরুতর আহত শফিককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। আহত অটোরিকশার যাত্রীদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।