🏠︎ » সারাদেশ » বরিশাল » ২০০ টাকার বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যু

২০০ টাকার বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২০০ টাকা বকশিশকে কেন্দ্র করে এক রোগীর অক্সিজেন সংযোগ খুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক কর্মচারীর বিরুদ্ধে। স্বজনদের দাবি, অক্সিজেন খুলে নেওয়ার মাত্র দুই মিনিটের মাথায় মারা যান রোগী দিপালী সিকদার (৪০)।

বুধবার (১৩ মে) বিকেলে হাসপাতালের ওপিডি ভবনের মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে। নিহত দিপালী সিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খরকি গ্রামের শংকর সিকদারের স্ত্রী।

স্বজনদের অভিযোগ, তীব্র শ্বাসকষ্ট নিয়ে দুপুরে দিপালীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জরুরি ভিত্তিতে টানা দুই ঘণ্টা অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। তবে শয্যা সংকটের কারণে তাকে ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল।

দিপালীর ভাই মিলন হাওলাদার দাবি করেন, মেডিসিন ইউনিট-১ এর কর্মচারী সোহেল পাশের এক রোগীর স্বজনদের কাছ থেকে ২০০ টাকা নিয়ে ট্রলি সরানোর জন্য দিপালীর অক্সিজেন সংযোগ খুলে দেন। পরিবারের সদস্যরা বাধা দিলেও তিনি কথা শোনেননি। অক্সিজেন বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই দিপালীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্ত কর্মচারীকে মারধর করলে হাসপাতালের অন্য কর্মচারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরে দায়িত্বরত আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর জানান, অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ