বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » শহীদ জিয়ার স্মরণে নেত্রকোণায় তিলকখালি খালের খনন কাজ শুরু

শহীদ জিয়ার স্মরণে নেত্রকোণায় তিলকখালি খালের খনন কাজ শুরু

নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক তিলকখালি খালের খনন কাজ শুরু হয়েছে।

সোমবার নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এই খনন কাজের উদ্বোধন করেন।

নেত্রকোণা সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণাখালি নামক স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের’ আওতায় এই কর্মসূচি আয়োজন করে।

তিলকখালি খাল খনন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, মনিরুজ্জামান দুদু এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেন প্রমুখ।

খাল খনন কাজের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নেত্রকোণা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আলাউদ্দিন।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, ১ কোটি ৩৬ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ২০ মিটার দৈর্ঘ্যর এই খালটি খনন করা হচ্ছে।

তিনি বলেন, আশা করা যাচ্ছে চলতি বছরের মধ্যেই খনন কাজ সম্পন্ন হবে।

এই খালটি পুনরায় খননের ফলে অত্র এলাকার কৃষিজমি সেচ সুবিধা পাবে এবং জলাবদ্ধতা দূর হবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ