🏠︎ » বাংলাদেশ » রাজধানী » রাজধানীর বাজারে অস্থিরতা, বাড়ছে মাছ-মাংস-সবজিসহ নিত্যপণ্যের দাম

রাজধানীর বাজারে অস্থিরতা, বাড়ছে মাছ-মাংস-সবজিসহ নিত্যপণ্যের দাম

রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আবারও বেড়েছে। মাছ, মাংস ও ডিমের পর এবার সবজির বাজারেও ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে। পাশাপাশি চাল, ভোজ্যতেল ও মসলার দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (৮ মে) রাজধানীর নিউমার্কেট, লালবাগ, হাতিরপুল ও কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে পাকিস্তানি কক মুরগি প্রতি কেজি ৩৭০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং গরুর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দামও বেড়েছে। সাদা ডিমের ডজন ১৩০ টাকা, মিক্স ডিম ১৪০ টাকা এবং বড় বাদামি ডিম ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মাছের বাজারেও দাম বাড়তির দিকে। কাতল মাছ ৩৬০ টাকা, রুই ৩২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কই ২২০ টাকা এবং পাবদা মাছ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির বাজারে অধিকাংশ পণ্যের দাম এখন ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। কাঁকরোল, গোল বেগুন, লম্বা বেগুন ও দেশি শসা ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পটল ও করলা ৮০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ১০০ টাকা এবং কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি, পরিবহন ব্যয় বৃদ্ধি ও মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কমে গেছে। ফলে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

এদিকে চালের বাজারেও স্বস্তি নেই। মাঝারি চাল ৬০ থেকে ৬৮ টাকা এবং মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে চালের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ভোজ্যতেলের বাজারেও সংকট দেখা দিয়েছে। বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত দাম লিটারপ্রতি ১৯৯ টাকা হলেও অনেক দোকানে সরবরাহ কমে গেছে।

ঈদকে সামনে রেখে মসলার বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। এলাচের কেজি ৪৬০০ টাকা, লবঙ্গ ১৪৫০ টাকা, আলুবোখারা ১৫০০ টাকা এবং কিশমিশ ৮৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও বেড়ে কেজিতে ৪৫ টাকায় পৌঁছেছে।

বাদামের বাজারেও দাম বেড়েছে। পেস্তা বাদাম ৪২০০ টাকা এবং কাজুবাদাম ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়লেও প্রতিদিন বাড়ছে সংসারের খরচ। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, আমদানি ব্যয় ও পাইকারি বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব খুচরা বাজারেও পড়ছে।

আরও পড়ুন

সর্বশেষ