🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ডেপুটি স্পিকারের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, স্বস্তি ফিরল জনজীবনে

ডেপুটি স্পিকারের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, স্বস্তি ফিরল জনজীবনে

নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হলো জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে গৃহীত পরিচ্ছন্নতা কর্মসূচিতে।

দুর্গাপুর পৌরশহরের এই প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে এটি ময়লার ভাগারে পরিণত হয়। যা জনজীবনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করে। এই আবর্জনার কারণে পরিবেশ নষ্টের পাশাপাশি স্থানীয়দের মধ্যে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে তা ডেপুটি স্পিকারের নজরে আসে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

মঙ্গলবার (১৯ মে) পৌর যুবদলের নেতাকর্মীদের উপস্থিতিতে পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে ময়লা পরিস্কারের উদ্যোগ নেয়া হয়। 

স্থানীয় বাসিন্দা আব্দুল আলী বলেন, আবর্জনার দুর্গন্ধের কারণে এই এলাকার মানুষের জীবন অতিষ্ট হয়ে গিয়েছিলো। এখানকার মানুষ বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হতেন। ময়লা পরিস্কার করায় এবার আমাদের দুর্ভোগ দূর হলো।

স্থানীয় কলেজ শিক্ষার্থী হাসান আহমেদ বলেন, ময়লার ভাগাড়ের পাশ দিয়ে চলাফেরা করা যেতো না। স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী সহ সকলেই প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতেন। তাছাড়া শহরের প্রবেশমুখে এমন ময়লার ভাগাড়, বিষয়টি দেখতেও খুব দৃষ্টিকটু লাগতো। আজ পরিচ্ছন্নতা অভিযানের ফলে হাজারো মানুষ দুর্গন্ধ আর দুর্ভোগ থেকে রক্ষা পেলো।

দুর্গাপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, পৌর শহরের ময়লা-আবর্জনা ও বর্জ্য নিষ্কাশনের জন্য ইতোমধ্যে কয়েকটি জায়গা দেখেছি আমরা। বিষয়টি নিয়ে ডেপুটি স্পিকার স্যারের সাথে পরামর্শক্রমে কিছুদিনের মধ্যেই প্রকল্প গ্রহণ করে ময়লা ফেলার ডাম্পিং পয়েন্ট নির্মাণ করা হবে। এছাড়া শহরের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ করা হবে।

নেত্রকোণা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন

সর্বশেষ