🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় পিএফজি’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় পিএফজি’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বুক চিরে প্রবাহিত ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীকে অবৈধ দখল ও দূষণের হাত থেকে রক্ষা এবং নদীর নব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, এক সময়ের প্রমত্তা কাঁচামাটিয়া নদী আজ প্রভাবশালী মহলের অবৈধ দখল এবং নির্বিচারে বর্জ্য ফেলার কারণে সরু নালায় পরিণত হয়েছে। নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে রাস্তা নির্মাণ ও অপরিকল্পিত ভরাটের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে বর্ষা মৌসুমে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন যে, অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নিলে নদীটি অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে।

মানববন্ধন শেষে পিএফজি ঈশ্বরগঞ্জ শাখার একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে নদীর সীমানা নির্ধারণ, দখলদার উচ্ছেদ এবং খননের মাধ্যমে নব্যতা ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পিএফজি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পিএফজি এম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সুজন সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, পিএফজি সদস্য হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান শাহীন ও আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন , কাঁচামাটিয়া নদী আমাদের একসময়ের বর্ণিল ইতিহাস এবং ঐতিহ্য।যে নদীতে উড়ত নৌকার পাল, ব্যাবসার উদ্যেশে লঞ্চ , ট্রলার কিশোরগঞ্জের ভৈরব থেকে ঈশ্বরগঞ্জ হয়ে ব্রহ্মপুত্র গিয়ে ময়মনসিংহ যেত ।জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত সেই সাথে সুস্থ্যাময় নির্মল পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করা ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদী টি বর্তমানে দখল দূষণে নাব্যতা সংকট হারিয়ে অস্তিত্ব সংকটের পড়েছে। বর্তমানে নদীটি কে দখল- দূষণ থেকে মুক্তি দিয়ে নদীটির প্রাণ ফিরিয়ে দিতে প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যসের দৃষ্টি আকর্ষণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তার প্রতি উদাত্ত আহ্বান জানান।

কাঁচামাটিয়া নদী রক্ষা ঈশ্বরগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি। পিএফজি-র এই কর্মসূচি নদী রক্ষায় জনমত গড়তে এবং প্রশাসনকে ত্বরিত ব্যবস্থা নিতে উদ্বুদ্ধ করবে বলে সাধারণ মানুষ মনে করছেন।

আব্দুল মালেক
ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ

আরও পড়ুন

সর্বশেষ