🏠︎ » সারাদেশ » ঢাকা » নগরবাসীর সুরক্ষায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে ডিএনসিসি

নগরবাসীর সুরক্ষায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে ডিএনসিসি

রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।

সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মিয়াওয়াকি পদ্ধতিতে পরিচালিত নগর বনায়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ভবিষ্যতে সবুজায়নকে অগ্রাধিকার দিয়েই কাজ করবে সিটি করপোরেশন। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে উত্তর সিটি করপোরেশন নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে।

প্রশাসক জানান, চলমান প্রকল্পের আওতায় আড়াই একর জমিতে ঘন বনায়নের কাজ চলছে। দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ দিয়ে গড়ে তোলা এই বনায়ন রাজধানীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, মিয়াওয়াকি পদ্ধতিতে গড়ে ওঠা বন তুলনামূলক দ্রুত বৃদ্ধি পায় এবং স্বল্প জায়গায় ঘন সবুজায়ন সম্ভব হয়। ফলে নগর এলাকায় পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখছে।

পরিদর্শন শেষে শফিকুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে মিয়াওয়াকি বনায়ন প্রকল্পের উদ্বোধন করেন। নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

আরও পড়ুন

সর্বশেষ